ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করা বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে শুধু নয় বিএনপির অন্যান্য নেতা এবং প্রয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রিমান্ডে নেয়ার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ইসরায়েলের সাথে বিএনপির সম্পর্ক ও শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশে তিনি এ দাবি করেন।
বিএনপিকে মুসলিম জাহানের শত্রু আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এখন আর শুধু বাংলাদেশের শত্রু নয়, তারা সমস্ত মুসলিম জাহানের শত্রু। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের মধ্য দিয়ে খালেদার থলের বিড়াল বেরিয়ে এসেছে।’
হাছান মাহমুদ বলেন, ‘এ ঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতও গণমাধ্যমের সামনে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন- এ সংক্রান্ত আরো তথ্য আছে তাদের কাছে। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতি হলো ষড়যন্ত্রের রাজনীতি। যে দলের জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে তারা সবসময়ই ষড়যন্ত্রে লিপ্ত থাকবে এটাই স্বাভাবিক।’
২০ দলীয় জোটে থাকা সমস্ত ইসলামী দলগুলোকে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আপনারা দয়া করে অতিসত্ত্বর মুসলিম জাহানের শত্রু বিএনপিকে ত্যাগ করুন। না হলে দেশের সাধারণ জনগণ বিএনপির মত আপনাদেরকেও ধিক্কার জানাবে।’
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা এমএ করিম, শাহাবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক প্রমুখ।
