ডিম্বানু চুরির অভিযোগে ফার্টিলিটি চিকিৎসক আটক

মানব ক্লোনিংয়ের মাধ্যমে শিশু জন্মদানে সফল হওয়ার দাবি করে বিতর্কিত ইতালির চিকিৎসক সেভেরিনো অ্যান্টিনরিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনের এক তরুণী অ্যান্টিনরির বিরুদ্ধে তাকে জোরপূর্বক অজ্ঞান করে ডিম্বানু বের করে নেওয়ার অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, ৭০ বছর বয়সী অ্যান্টিনরিকে রোমের বিমানবন্দর থেকে আটক করা হয়। তাকে গৃহবন্দি করে রাখার পাশপাশি এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।
যদিও অ্যান্টিনরির আইনজীবী তার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
তদন্ত কর্মকর্তরা জানান, স্পেনের ২৪ বছর বয়সী ওই তরুণী মিলানে অ্যান্টিনরির ক্লিনিকে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন।
তরুণীর অভিযোগ, একদিন ক্লিনিকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে জোর করে অজ্ঞান করে শরীর থেকে ডিম্বানু বের করে নেওয়া হয়।
পরে তিনি লুকিয়ে অফিসের একটি টেলিফোন ব্যবহার করে পুলিশকে খবর দেন এবং পুলিশ তাকে উদ্ধার করে।
স্ত্রীরোগ বিশারদ অ্যান্টিনরি ১৯৯৪ সালে প্রথম বিশ্বব্যাপী পরিচিতি পান। সেবার তার অধীনে রোজানা দেল্লা নামে ৬৩ বছর বয়সী ইতালির এক নারী ফার্টিলিটি চিকিৎসার মাধ্যমে সন্তান জন্মদান করেন এবং সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার রেকর্ড গড়েন।
১৯৯৮ সাল থেকে মানব ক্লোন নিয়ে গবেষণা করা অ্যান্টিনরি ২০০৩ সালে ইতালির কর্তৃপক্ষের বিরুদ্ধে তার প্রজেক্টে বাধা দেওয়ার অভিযোগ করেন।
অ্যান্টিনরি মানব ক্লোনিংয়ে সফলতার দাবি করলেও তা নিয়ে সন্দিহান মূলধারার বিজ্ঞানী ও গবেষকরা।
bdnews24

Share this

Related Posts

Previous
Next Post »