চালকবিহীন গাড়ির চালক নিচ্ছে গুগল!

পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি চালানোর জন্য আগ্রহীদের খুঁজছে গুগল। নিজেদের বানানো চালকবিহীন গাড়িগুলোকে মূলধারা থেকে আরও সামনে এগিয়ে নিতে এ পদক্ষেপ নিয়েছে  মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। এক্ষেত্রে আবেদনকারীদের পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স শহরে 'গাড়ি নিরাপত্তা বিশেষজ্ঞ' শিরোনামে নতুন এক চাকরির বিজ্ঞাপন দিয়েছে। নিয়োগপ্রাপ্তদের কেবল স্বচালিত গাড়িতে বসে থাকতে হবে এবং গাড়ি চলাকালীন খেয়াল করতে হবে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা। আবেদনকারীদের গুগল ঘণ্টা প্রতি ২০ ডলার করে দেবে। তাদের সপ্তাহে পাঁচ দিন ছয় থেকে সাত ঘণ্টা কাজ করতে হবে। তবে আবেদনকারীদের অবশ্যই ত্রুটিহীন ড্রাইভিং রেকর্ড এবং প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার যোগ্যতা থাকতে হবে।
গাড়িতে বসে টাইপ করা উচিৎ নয়। কিন্তু গুগলের জানিয়েছে, গাড়ির নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রতিদিন গাড়ির প্রক্রিয়া ও পরীক্ষা সম্পর্কে প্রতিবেদন করতে হবে।
অ্যারিজোনাভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক-কে গুগলের সেলফ ড্রাইভিং কার টেস্টিং প্রোগ্রাম-এর প্রধান ব্রায়ান টরসেলিনি বলেছেন, “আমাদের স্বচালিত গাড়ির প্রযুক্তির উন্নয়নে 'টেস্ট ড্রাইভার'রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গাড়ি কীভাবে চালিত হচ্ছে, রাস্তায় অন্যদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেওয়া- এ সম্পর্কে আমাদের প্রকৌশলীদের তাদের প্রতিক্রিয়া জানায়।”
গুগল শেষ ছয় বছরে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে স্বচালিত গাড়ি পরীক্ষা করে ২০১৫ সালের গ্রীষ্মে তা প্রসারিত করে আস্টিন আর টেক্সাস পর্যন্ত নিয়ে গিয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারিতে ক্রিকল্যান্ড, ওয়াশিংটনের মতো ভেজা আবহাওয়ার স্থানকে পরীক্ষার অঞ্চলে অন্তর্ভুক্ত করেছে গুগল। অ্যারিজোনার ফিনিক্স হল যুক্তরাষ্ট্রের চতুর্থ শহর যেখানে গুগলের স্বচালিত গাড়ি পরীক্ষা করা হবে।
গুগলের সেলফ ড্রাইভিং কার প্রজেক্ট-এর ব্যবসা বিভাগের প্রধান জেনিফার হারুন সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, “অ্যারিজোনা এমন এক জায়গা যেখানে উন্নয়নকে স্বাগত জানানো হয়, আবিষ্কারগুলো হয় সমৃদ্ধ আর প্রতিষ্ঠানগুলোরও লাভ হয়। ফিনিক্স মরুজাতীয় এলাকা হওয়ায় আমাদের গাড়ি প্রচণ্ড তাপমাত্রা এবং ধূলো কীভাবে নিয়ন্ত্রণ করে এবং আমাদের সেন্সরগুলো কীভাবে কাজ করে তা বোঝা যাবে।”
গুগলের পরীক্ষায় কোনো দূর্ঘটনা ঘটেনি তা নয়। চলতি বছরের শুরুতে গুগলের স্বচালিত গাড়ি ঘণ্টায় দুই মিটার বেগে চলমান অবস্থায় রাস্তার বালুর বস্তাকে এড়াতে গিয়ে এক বাসকে ধাক্কা দিয়েছে।
bdnews24

Share this

Related Posts

Previous
Next Post »