- চার যুগ আগে দেশে ফেরার পর শেখ হাসিনা
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবে তার দৃঢ়তার প্রশস্তি গেয়েছেন আওয়ামী লীগের নেতারা।
পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নানা প্রতিকূলতার মধ্যে ছয় বছর পর আওয়ামী লীগ সভানেত্রীর দায়িত্ব নিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে দলটি।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “শেখের মেয়ে, ভাঙবে কিন্তু মচকাবে না।”
এই বলার কারণ হিসেবে নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং দেশের অর্থে পদ্মা সেতুর মতো বড় নির্মাণ কাজে হাত দেওয়ার কথা বলেন তিনি।
“আমরা এখন নিজের টাকায় ৪ লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছি। এটি কল্পনা করা যায়? কিন্তু এটি সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে।”
“এক পদ্মা সেতু নিয়ে আপনারা (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু এখন ৯টি পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বানানোর সম্বল আমাদের আছে। শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন,” বলেন শেখ হাসিনার ফুপাত ভাই শেখ সেলিম।
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দলীয় সভানেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের কথা তুলে ধরেন।
“শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসতে না পারেন, সে জন্য জিয়ার নেতৃত্বে বিএনপি কমিটি গঠন করেছিল। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার যাতে বাংলার ক্ষমতায় কোনোদিন বসতে না পারে, সেজন্য তাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে।”
অর্থনীতির অগ্রযাত্রা তুলে ধরে তিনি বলেন, “এভাবেই দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে।”
সভার সভাপতি শেখ সেলিম বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলি রাজনীতিকের বৈঠক নিয়েও কথা বলেন।
শেখ ফজলুল করিম সেলিম (ফাইল ছবি)
“আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখছেন না, মোসাদের সাথে বৈঠক করা হচ্ছে। এখন ইসরায়েলকে এনে মুসলিম জাহানের ইজ্জত নষ্ট করে বিএনপি ক্ষমতায় যেতে চায়।”
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বঙ্গবন্ধুর দুজন খুনিকে আপনারা এখনও হস্তান্তর করেননি। মুখে গণতন্ত্রের কথা বলে আমাদের উপর চাপ দিতে চান?
“আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশকে নিয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। সেটি বরদাশত করা হবে না।”
সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমেদ, সম্পাদক আবেদ খানও বক্তব্য রাখেন।
শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার দোয়া ও মিলাদ মাহফিল, শোভাযাত্রাও বের করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।
ছাত্রলীগ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ‘বঙ্গবন্ধু গবেষণা পরিষদ’ ‘জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধেও চেতনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ইউরোপ সফরে যুক্তরাজ্য রয়েছেন। বুলগেরিয়া হয়ে শনিবার তিনি ফিরবেন।
bdnews24