নড়াইলে পুলিশের উপর হামলা মামলার পলাতক এক আসামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রার্থী কাজী বনি আমিন পুলিশের চোখে ‘পলাতক’ হলেও গত মঙ্গলবার দুপুরে অর্ধশতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী কাজী বশিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, “২০১০ সালের ১৯ নভেম্বর ইউনিয়নের ওলা গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়।
“সংঘর্ষ ঠেকাতে গেলে বনি আমিনের নির্দেশে তার কর্মী-সমর্থকরা লোহাগড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক শংকর কুমার তালুকদার ও আমার উপর হামলা চালায়।”
এ ঘটনায় ওই দিনই উপ-পরিদর্শক শংকর কুমার তালুকদার বনি আমিন ও তার সমর্থকদের নামে মামলা করেন। মামলায় তাকে পলাতক ঘোষণা করে আদালতে বিচার চলছে।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, কাজী বনি আমিনের নামে পুলিশের উপর হামলা মামলাসহ একাধিক বিচারাধীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
“পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না।”
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “চেয়ারম্যান প্রার্থীরা নিজেরা এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বনি আমিন কোনো মামলার আসামি কি না এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না এটা পুলিশের দেখার বিষয়।”
অভিযোগ বিষয়ে বনি আমিন বলেন, “পুলিশের উপর হামলার সময় আমি ঢাকায় ছিলাম। ওই মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা আমার জানা ছিল না।”
এখন জামিনের উদ্যোগ নেবেন বলে তিনি জানান।
bdnew$24